ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে ঘরে ঘরে সাইলো : পলক
সিংড়ার কেউ গৃহহীন থাকবে না ঘোষণা দিয়ে স্থানীয়দের নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বঙ্গবন্ধুর ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তেই এই উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ‘এক সময় ভোট চাইতে গেলে ভোটাররা ঠাট্টা-মস্করা করে বলিছে, তোমরা ভোট দিয়ে লাভ কি; তুমি কি আমার ভাঙ্গা ঘর পাকা করে দিবে। কিন্তু আমি সেই দিন ভাবছিলাম, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাঙ্গ ঘর পাকা না; যার ঘর নাই, জায়গা নাই, মাথার ওপর কোনো ছাউনি নাই, সেই রকম আমাদের এই সিংড়ার এক হাজার একশ পরিবারকে পাকা ঘর করে দিয়েছেন। .. আজ আমরাও অঙ্গিকার করতে চাই আমাদের সিংড়াতেও একজনও গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ।’
শনিবার (২৯ জানুয়ারি) নাটোরের সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে ৬ হাজার পরিবারে পারিবারিক সাইলো (মটকা) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পলক আরো বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন। শহরের সব ধরনের সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মধ্যে তা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছ। বিশেষ অনুরোধে আমাদের পৌরসভা এলাকাতেও এই সুবিধা দেয়া হচ্ছে।’
খাদ্য সামগ্রি ছাড়াও সিংড়াতে কর্মহীনদের মধ্যে মোবাইল ওয়ালেটের মাধ্যমে ২৫০০ করে টাকা দেয়া হয়েছে। ১২টি ইউনিয়নের জন্য বিভিন্ন ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার দান-অনুদান দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭২-৭৫ হাজার পরিবারের কাছে এই অনুদান পৌঁছে দেয়া হয়েছে।- যোগ করে প্রতিমন্ত্রী।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশীদ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান।